এ সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করতে ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গতকাল জাতীয় সংসদের স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) চিঠি দিয়েছে দলটি।

চিঠিতে দলটি জানিয়েছে, সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে পরিচালিত সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

চিঠিতে গাজী নজরুল ইসলামের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্পিকার ও ইসির কাছে অনুরোধ জানানো হয়েছে।

বুধবার বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে পাঠানো এ চিঠির বিষয়ে জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘দলের বহিষ্কারের চিঠির ভিত্তিতে ইসির করণীয় কিছু নেই। চিঠি আসতে হবে স্পিকারের কাছ থেকে। কেননা, সংবিধানে দল থেকে বহিষ্কার হলে এমপি পদ শূন্য হওয়ার বিষয়ে কিছু বলা নেই। সেখানে পদত্যাগের কথা বলা হয়েছে।’

৭৪ বছর বয়সী নজরুল তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি জামায়াতের সাতক্ষীরা জেলা শাখার আমিরের পাশাপাশি দলের কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ছিলেন।