টেলিযোগাযোগ ও প্রযুক্তি নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশের (টিআরএনবি) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি এস এম মাসুদুজ্জামান রবিন সভাপতি ও দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি ফারুক হোসাইন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত বৃহস্পতিবার (৩০ জুলাই) কক্সবাজারের একটি হোটেলে সংগঠনের দ্বিবার্ষিক সভার পাশাপাশি এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সাত সদস্যের কমিটিতে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন টেকশহর ডটকমের বিশেষ প্রতিনিধি আল-আমীন দেওয়ান। সাংগঠনিক সম্পাদক দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার হাসনাইন ইমতিয়াজ।
কমিটিতে কার্যনির্বাহী সদস্য হয়েছেন দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার সমীর কুমার দে, দ্য ডেইলি স্টারের সিনিয়র স্টাফ রিপোর্টার মাহমুদুল হাসান ও সময় টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শুভ খান। নতুন কমিটির মেয়াদ ২০২৬ সালের আগস্ট থেকে ২০২৮ সালের জুলাই পর্যন্ত।










