হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ও হাইওয়ে পুলিশপ্রধান সাহাবুদ্দিন খান বলেছেন, ‘আমরা প্রথমত, চিহ্নিত করেছি যে আমাদের ঈদযাত্রায় পাঁচটি মহাসড়ক রয়েছে এবং অন্যান্য আঞ্চলিক সড়ক রয়েছে। তার মধ্যে কোনো কোনো জায়গায় আমাদের চ্যালেঞ্জ থাকে। সেসব জায়গায় আমাদের গুরুত্বটা একটু বাড়িয়ে দিয়েছি।’
গতকাল দুপুরে মহাসড়ক পরিদর্শনে গিয়ে সাভার বাইপাইল ত্রিমোড়ে এসে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘ঈদ উপলক্ষে পুলিশ প্রতি বছরই ব্যাপক প্রস্তুতি নেয়, ব্যাপক ব্যবস্থাপনা গ্রহণ করে। বিশেষ করে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে এবার আরো বেশি ব্যবস্থা নেয়া হয়েছে। ঈদুল ফিতর উপলক্ষে অনেক মিটিং আমরা করেছি। আমরা ঈদযাত্রায় সার্বিকভাবে প্রস্তুত রয়েছি। আমি বিভিন্ন জায়গায় পরিদর্শন করেছি। কোথাও যানজট দেখতে পাইনি। রাস্তাঘাট স্মুদ রয়েছে, যান চলাচল স্বাভাবিক রয়েছে। জনসাধারণের মধ্যেও এক ধরনের স্বস্তি রয়েছে।’
তিনি আরো বলেন, ‘আজ চাপ বাড়তে পারে। সে লক্ষে আমাদের সব প্রস্তুতি রয়েছে। আশা করি যাত্রীসাধারণ স্বস্তিতে বাড়ি ফিরতে পারবে।’
অতিরিক্ত আইজিপি বলেন, ‘টহল বাড়ানো হয়েছে, ইন্টেলিজেন্সের সংখ্যা বাড়ানো হয়েছে। সেই সঙ্গে বিভিন্ন জায়গায় আমাদের সাব-কন্ট্রোল-কন্ট্রোল রুম করা হয়েছে। আমাদের অ্যাম্বুলেন্সগুলোকে রেডি করা হয়েছে, রেকারগুলোকে রেডি করা হয়েছে। এছাড়া এবার বিশেষভাবে একটি ব্যবস্থা নেয়া হয়েছে।’










