রাঙ্গামাটির কাউখালী উপজেলায় বাড়ি নির্মাণে অবৈধভাবে কাটা পাহাড় ধসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার সকালে উপজেলার বেতবুনিয়া মনাইপাড়া এলাকায় এ ঘটন ঘটলেও রাতে ঘটনাটি জানাজানি হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তরসহ যাবতীয় কাজ সম্পাদন করতে বেশ গোপনীয়তা অবলম্বন করেছে বলে অভিযোগ উঠেছে। মৃত শ্রমিকরা হলেন বেতবুনিয়া এলাকার কবির আহমদের ছেলে মো. পেয়ার মোহাম্মদ (৫০) ও অঞ্জন বড়ুয়ার ছেলে সুফল বড়ুয়া (৩৮)।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বেতবুনিয়া মডেল ইউনিয়নের মনাইপাড়ার মাইল্যাছোলা নামক এলাকায় শুক্রবার সকালে ডলুছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাধন বড়ুয়ার বাড়িতেদ পাহাড় ঘেঁষে দেয়াল নির্মাণের কাজ করছিলেন দুই শ্রমিক। হঠাৎ করে পূর্বে কাটা পাহাড় ধসে পড়ে দুই শ্রমিকের ওপর। ধসে পড়া পাহাড়ের মাটিতে চাপা পড়েন তারা। মৃত্যুর বিষয়ে গোপনীয়তার অভিযোগ অস্বীকার করেছেন কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএস শহীদুল ইসলাম।










