সিরাজগঞ্জের মহাসড়কে গাড়ি থামিয়ে সংঘবদ্ধভাবে ডাকাতির ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব।
গ্রেফতাররা হলেন, সিরাজগঞ্জ সদর থানার মোহনপুর গ্রামের মো. রহম আলী শেখের ছেলে মো. বাবু (৩৪) এবং সায়দাবাদ গ্রামের সহিদের ছেলে সাহা (২৯)।
র্যাব জানায়, গত ৩ অক্টোবর রাতে জেলার কড্ডার মোড়ে ১৪ থেকে ১৫ জনের একটি ডাকাতদল দেশীয় ধারালো অস্ত্র নিয়ে একটি প্রাইভেটকার থামিয়ে হামলা চালায়। সে সময় যাত্রীদের মারধর করে এবং মূল্যবান মালামাল লুট করে তারা। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ঘটনার পর ৫ অক্টোবর যমুনা সেতুর পশ্চিম থানায় মামলা করা হয়। এরপর র্যাব-১২ এর সদর কোম্পানির একটি বিশেষ দল গতকাল বিকালে সায়দাবাদ ও কড্ডার মোড় এলাকায় পৃথক অভিযান চালিয়ে বাবু ও সাহাকে গ্রেফতার করে।
র্যাব-১২ এর সদর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ জানান, গ্রেফতার দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে যমুনা সেতু পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।










