রাজশাহী নগরীর শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে লংকাবাংলা ফাউন্ডেশন। রাজশাহী সিটি করপোরেশনের সহযোগিতায় সোমবার (২ জানুয়ারি) দুপুরের দিকে এসব শীতবস্ত্র বিতরণ হয়।

নগরভবনের গ্রীনপ্লাজায় আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।  

প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, উত্তরাঞ্চলে শীতের প্রভাব অনুভূত হচ্ছে। এটি আরও বেশকিছু দিন অব্যাহত থাকবে। প্রবল শীতপ্রবণ এলাকা রাজশাহীর শীতার্ত মানুষের সহযোগিতায় এগিয়ে আসায় লংকাবাংলা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাচ্ছি।

এর আগে লংকাবাংলা ফাউন্ডেশন রাজশাহী মহানগরীতে বৃক্ষরোপণ কর্মসূচিতে সহযোগিতা করেছে। আগামীতে এই সহযোগিতা অব্যাহত রাখবে বলে আশা করেন রাসিক মেয়র।

অনুষ্ঠানে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খাজা শাহরিয়ার বলেন, রাজশাহী মহানগরীর উন্নয়ন কার্যক্রমে সহযোগিতার লক্ষ্যে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করবে। শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন কার্যক্রম রাজশাহী সিটি কর্পোরেশন সার্বি সহযোগিতার জন্য মাননীয় মেয়রের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তিনি।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনাম ট্রেড ওয়ে ইন্টারন্যাশনাল এর চেয়ারম্যান মোঃ এনায়েতুর রহমান, লংকাবাংলা ফাইন্যান্স এর বোর্ড সেক্রেটারিয়েট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স প্রধান মোস্তফা কামাল, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার শামীম আল মামুন, ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন এন্ড ম্যানেজমেন্ট  প্রধান মোহাম্মদ মাহফুজুল ইসলাম, ব্র্যান্ড মার্কেটিং এন্ড কমিউনিকেশনস প্রধান মো. রাজিউদ্দিন, রাজশাহী শাখা প্রধান মহিবুল হাসান প্রমুখ।

এদিকে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে শেষে নগর ভবনে মেয়রের দপ্তরকক্ষে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খাজা শাহরিয়ার। এ সময় লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।