দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি থেকে ভারত-বাংলাদেশ সম্পর্ককে আরও সুদৃঢ় করতে হবে বলে মন্তব্য করেছেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। সোমবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) আমন্ত্রণে এনডিসি কোর্সে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভারতীয় হাইকমিশনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বক্তৃতায় ভারতের পররাষ্ট্রনীতি ও উন্নয়ন কৌশল তুলে ধরে তিনি বলেন, ভারত আন্তর্জাতিক সহযোগিতা জোরদার, বৈশ্বিক শাসনব্যবস্থার সংস্কার এবং গ্লোবাল সাউথের স্বার্থ রক্ষায় ক্রমবর্ধমানভাবে বিশ্বব্যাপী সম্পৃক্ত হচ্ছে। একইসঙ্গে ভারত টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও দ্রুত জাতীয় উন্নয়নের লক্ষ্যে কাজ করছে।

হাইকমিশনার ভারতের পররাষ্ট্রনীতির অগ্রাধিকারের মধ্যে 'প্রতিবেশী প্রথম', 'অ্যাক্ট ইস্ট পলিসি', মহাসাগর নীতি এবং ইন্দো-প্যাসিফিক ভিশনের কথা উল্লেখ করেন। তিনি জোর দিয়ে বলেন, ভারত ও বাংলাদেশকে একসঙ্গে কাজ করে ভৌগলিক নৈকট্য, ক্রমবর্ধমান অর্থনৈতিক সক্ষমতা এবং ভবিষ্যৎ আকাঙ্ক্ষাগুলোকে পারস্পরিক কল্যাণকর সহযোগিতার নতুন সুযোগে রূপান্তরিত করতে হবে।

ভারতের হাইকমিশনার বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল, ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। এ সম্পর্ক হবে পারস্পরিক শ্রদ্ধা ও সংবেদনশীলতার ভিত্তিতে এবং দুই দেশের জনগণই থাকবে এ অংশীদারত্বের মূল অংশীদার।