একই সঙ্গে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা জোরদারে উদ্যোগ অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেয়া হয়েছে।
সার্কের বিদায়ী মহাসচিব রাষ্ট্রদূত মো. গোলাম সারওয়ার গতকাল ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে সার্কের বর্তমান পরিস্থিতি সম্পর্কে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে অবহিত করেন রাষ্ট্রদূত মো. গোলাম সারওয়ার। সার্কের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি। একই সঙ্গে সংস্থাটির নিয়মিত কার্যক্রম এবং উন্নয়ন সহযোগীদের সহায়তায় পরিচালিত কর্মসূচিগুলো অব্যাহত থাকার বিষয়টি জানান। ২০২৬ সালের শেষ নাগাদ সার্ক ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশিত হওয়ার প্রত্যাশার কথাও জানান তিনি।
সার্ককে পুনরুজ্জীবিত করার বিষয়ে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ প্রক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয় আরো সক্রিয় ভূমিকা পালনের পরিকল্পনা করছে বলেও জানান তিনি। এক্ষেত্রে ধারাবাহিক রাজনৈতিক সম্পৃক্ততা, সাংস্কৃতিক উদ্যোগ এবং বৃহত্তর অংশীজনের সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
সার্ক মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করা গোলাম সারওয়ারের প্রতি কৃতজ্ঞতা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তার মেয়াদে অর্জিত গতি উত্তরসূরির দায়িত্ব গ্রহণের পরও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। এক্ষেত্রে বাংলাদেশের অব্যাহত সমর্থন ও সহযোগিতার কথাও জানান শামা ওবায়েদ। মো. গোলাম সারওয়ারের মেয়াদ নির্বিঘ্নে শেষ হওয়া এবং তার উত্তরসূরির কাছে দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হওয়ার প্রত্যাশা জানিয়ে তাকে শুভকামনা জানান তিনি।










