রাজশাহীর মোহনপুরে ভাতিজার হাঁসুয়ার কোপে নাজিম উদ্দিন শাহ (৪০) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। গতকাল সকাল ৯টার দিকে উপজেলার বাকশিমইল ইউনিয়নের সিন্দুরী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নাজিম উদ্দিন শাহ ওই এলাকার মৃত ময়েজ উদ্দিন শাহর ছেলে। এ ঘটনায় ভাতিজা নাসির উদ্দিন শাহকে (৩০) আটক করেছে পুলিশ।

মোহনপুর থানার এসআই ইব্রাহিম খলিলুল্লাহ জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট দিতে সকালে পরিবারের সদস্যরা ভোটকেন্দ্রে যান। এ সময় বাড়িতে একাই ছিলেন নাজিম উদ্দিন শাহ। ওই সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন বড় ভাই নাজু শাহর ছেলে নাসির উদ্দিন শাহ।

স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে মরদেহ বাড়িতে নেয়া হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে সেই মরদেহ উদ্ধার করে। চাচাকে হত্যার দায়ে আটক করা হয় ভাতিজা নাসিরকে। স্বজনদের বরাত দিয়ে এসআই ইব্রাহিম আরো জানান, বছরখানেক আগে নাসির তার বাবা নাজু শাহকে কোদাল দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেন।