পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশে সারা দেশে নিষিদ্ধ পলিথিন ব্যবহারের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। গত ৩ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত পরিচালিত ১৬২টি মোবাইল কোর্টে ৩৩৬টি প্রতিষ্ঠানকে ১৯ লাখ ১৬ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে ৩৮ হাজার ১৭৮ কেজি পলিথিন জব্দ করা হয়।

ঢাকা মহানগরে পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ, সুলতানা সালেহা সুমী ও ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে ১৩টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসব অভিযানে ২৭টি প্রতিষ্ঠান থেকে ৮৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং প্রায় ৩ হাজার ৯৮০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, দূষণ রোধে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।