ফিফা বিশ্বকাপ-২০২৬ বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে লেবাননের সঙ্গে ড্র করার কৃতিত্ব দেখাল বাংলাদেশ। গতকাল ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।
লেবাননের সঙ্গে চারবারের মুখোমুখিতে এই প্রথম পয়েন্ট পেল বাংলাদেশ। এর আগে ২০১১ সালে বিশ্বকাপ বাছাই পর্বের দুই লেগে যথাক্রমে ৪-০ ও ২-০ গোলে পরাজিত হয় বাংলাদেশ। এ বছর জুনে তৃতীয়বারের মতো তাদের সঙ্গে দেখা হয় লাল-সবুজ জার্সিধারীদের। ভারতের কেরালায় অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে অতিথি হিসেবে খেলা লেবানন ২-০ গোলে হারায় বাংলাদেশকে।
প্রথমার্ধ গোলশূন্য ড্র থাকার পর ৬৪ মিনিটে বাংলাদেশের বক্সের মধ্যে জটলা থেকে গোল করে লেবাননকে এগিয়ে দেন মাজেদ ওসমান। এর ৫ মিনিট পর তরুণ স্ট্রাইকার শেখ মোরসালিন বক্সের বাইরে থেকে নেয়া শটে অসাধারণ এক গোল করে সমতা আনেন।
গত সপ্তাহে অস্ট্রেলিয়ার মাঠে ৭-০ গোলে বিধ্বস্ত হওয়া বাংলাদেশ গতকাল শুরুতে এলোমেলো খেললেও কাবরেরার শিষ্যরা অল্প সময় পরই দারুণ ফুটবল খেলতে থাকেন। এ সময় কিছু সুযোগও তৈরি হয়। ২৪তম মিনিটে জামালের কর্নারে বিশ্বনাথ ঘোষের দুর্বল হেড জমে যায় গোলরক্ষকের গ্লাভসে। পরের মিনিটে সোহেলের শট পা দিয়ে আটকান লেবানন ডিফেন্ডার মোহাম্মদ এল হায়েক। ৩৩তম মিনিটে বাংলাদেশের আরেকটি সুযোগ এলেও দূরের পোস্টে ফাঁকায় থাকা মোরসালিন পাননি বলের নাগাল।
প্রথমার্ধের যোগ করা সময়ে গোলকিপার মিতুল মার্মাকে উঠিয়ে মেহেদী হাসান শ্রাবণকে নামান কাবরেরা। এই শ্রাবণের ভুলেই দ্বিতীয়ার্ধে গোল হজম করে বাংলাদেশ। বক্সের ভেতরে কাজী তারিক রায়হান বল ক্লিয়ার করার পর বিশ্বনাথ ও শ্রাবণের বোঝাপড়ার ভুলে বল পেয়ে যান ওসমান, কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন এ ফরোয়ার্ড।
যদিও ৫ মিনিটের মধ্যেই গ্যালারিতে প্রাণ ফেরে। ৭২তম মিনিটে বল নিয়ে কিছুটা সামনে এগিয়ে গিয়ে বক্সের বেশ বাইরে থেকে ডান পায়ের কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন মোরসালিন। ছবির মতো সুন্দর এ গোলে সমতায় ফেরে বাংলাদেশ দল। তাতে ঢেউ জাগে গ্যালারিতে। দলকে জেতাতেও পারতেন মোরসালিন। যদিও ৮৮তম মিনিটে সেই সুযোগ নষ্ট করেন তিনি। রফিকুলের বাড়ানো বল প্রথম স্পর্শে নিয়ন্ত্রণে নিতে পারেননি। পরে শট নিলেও তা লক্ষ্যভ্রস্ট হয়।
গতকালের এই ড্রয়ে পয়েন্টের খাতা খুলল বাংলাদেশ। তবে লেবাননকে হারিয়ে টেবিলে দ্বিতীয় স্থানে ওঠার সুযোগও ছিল। মোরসালিন তাই খানিকটা হতাশ। ম্যাচ শেষে তিনি বললেন, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। একটা গোল হয়েছে। আসলে আমাদের লক্ষ্য ড্র ছিল না, আমাদের মূল লক্ষ্য ছিল জেতা। আলহামদুলিল্লাহ, ড্র হয়েছে, একটা পয়েন্ট এসেছে। আমাদের লক্ষ্য থাকবে পরে আমাদের আরো যে ম্যাচ আছে, সেগুলো সুন্দরভাবে অতিক্রম করা। দলের সবার ভালো চেষ্টা ছিল (আজ)। যে কারণে আসলে আমরা লেবানন বাধা পেরুতে পেরেছি।’
‘আই’ গ্রুপের চতুর্থ দল মধ্যপ্রাচ্যের আরেক দেশ ফিলিস্তিন। গতকাল নিরপেক্ষ ভেন্যু কুয়েত সিটিতে অস্ট্রেলিয়া ১-০ গোলে হারায় যুদ্ধবিধ্বস্ত দেশ ফিলিস্তিনকে। আগামী বছর ২১ মার্চ ঢাকায় ফিলিস্তিনের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অস্ট্রেলিয়া। সমান ম্যাচে ২ পয়েন্ট নিয়ে দুইয়ে লেবানন। তারা প্রথম ম্যাচে ১-১ গোলে ড্র করে ফিলিস্তিনের সঙ্গে। ফিলিস্তিন ও বাংলাদেশ উভয় দলের ঝুলিতে সমান ১ পয়েন্ট।
গতকাল ‘জি’ গ্রুপের ম্যাচে তাজিকিস্তানের কাছে ৬-১ গোলে হেরেছে পাকিস্তান। উত্তর কোরিয়া একই ব্যবধানে হারায় বাংলাদেশের প্রতিবেশী দেশ মিয়ানমারকে। ‘এ’ গ্রুপে ভারতকে ৩-০ গোলে হারায় কাতার। ‘এইচ’ গ্রুপের ম্যাচে নেপালকে ২-০ গোলে হারায় ইয়েমেন।
বাছাই পর্বে দ্বিতীয় রাউন্ডে নয়টি গ্রুপে ৩৬টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ তৃতীয় রাউন্ডে উঠবে ও ২০২৭ সালের এএফসি এশিয়ান কাপের টিকিট পাবে।










