মজুদবিরোধী অভিযানে অবৈধভাবে নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় অতিরিক্ত চাল মজুদ করায় ঘোষ অটোমেটিক রাইস মিলের মালিক দ্বিজেন্দ্রনাথ ঘোষকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। স্থানীয় সময় সোমবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে শহরের লস্করপুর এলাকায় অবস্থিত ওই চালকলে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসাইন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট গণমাধ্যমকর্মীদের জানান, ঘোষ অটোমেটিক রাইস মিলে অবৈধভাবে চাল মজুদ রেখে বাজারে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান শুর করেন তারা। এরপর পাক্ষিক ছাটাই ক্ষমতার তুলনায় তাঁদের গোডাউনে অবৈধভাবে ২৯১ টন চাল মজুদ অবস্থায় পাওয়া যায়। এ অপরাধে মিল মালিক দ্বিজেন্দ্রনাথ ঘোষকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে মজুদকৃত চাল আগামী ৫ দিনের মধ্যে সরকার নির্ধারিত মূল্যে বাজারে সরবরাহ করার নির্দেশনা দেয়া হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা কৃষি বিপনন কর্মকর্তা আমিনুল ইসলাম, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম মওলা, জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের খাদ্য পরিদর্শক শরিফুল ইসলাম, এনএসআই এর ফিল্ড অফিসার আমিন খান, সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আব্দুল গফুরসহ থানা পুলিশের একটি টিম।

উল্লেখ্য, চলমান মজুদ বিরোধী অভিযানে সোমবার (২৯ জানুয়ারি) রাত পর্যন্ত নওগাঁ জেলার বেশ কয়েকটি উপজেলায় অবৈধভাবে মজুদকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে অটোমেটিক রাইস মিল ও হাসকিং রাইস মিলসহ ৬১টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২৩ লাখ ৩১ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।