প্রযুক্তি, উদ্ভাবন ও যৌথ গবেষণায় সহযোগিতা সম্প্রসারণে ওমানের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ড্রোন প্রযুক্তি, কৃষি প্রযুক্তি, স্টার্টআপে বিনিয়োগ, খাদ্য নিরাপত্তা ও উদ্ভাবন খাতে সম্ভাব্য সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। ওমানের পক্ষে নেতৃত্ব দেন স্টার ড্রোনস, ইনোভেশন পার্ক মাসকাটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাঈদ আবদুল গফুর সাইফ উদ্দিন। বৈঠকে সৌদি আরবিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিরাও অংশ নেন।
বৈঠকে ওমানের প্রতিনিধিরা দেশটির ড্রোন প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং স্টার্টআপ বিনিয়োগ কার্যক্রম তুলে ধরেন। তারা জানান, প্রাথমিক পর্যায়ের উদ্ভাবনে অর্থায়নের জন্য তাদের একটি স্টার্টআপ ইনভেস্টমেন্ট ফান্ড রয়েছে। পাশাপাশি নিজস্ব বৃহৎ ভাষা মডেল (এলএলএম) ও ডেটা সুরক্ষার ওপর গুরুত্ব দেয়ার কথাও উল্লেখ করেন। এ সময় মুসলিম দেশগুলোর নিজস্ব প্রযুক্তি অবকাঠামো ও ডেটা সেন্টার গড়ে তোলার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়।
বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মো. আনোয়ার হোসেন বলেন, তথ্যপ্রযুক্তি ও প্রকৌশল খাতে বাংলাদেশের বৃহৎ তরুণ জনগোষ্ঠী সেমিকন্ডাক্টর ডিজাইন ও রোবটিক্সে কাজ করার সক্ষমতা রাখে। এ খাতে অভিজ্ঞতা বিনিময় এবং তরুণদের প্রশিক্ষণের বিষয়ে বৈঠকে গুরুত্ব দেয়া হয়।
আলোচনায় ওমানের প্রতিনিধিরা কৃষিকাজ, কীটনাশক ছিটানো, দুর্যোগ ব্যবস্থাপনা ও অগ্নিনিরাপত্তায় ড্রোন প্রযুক্তির ব্যবহার তুলে ধরে বাংলাদেশে এ প্রযুক্তির প্রয়োগের সম্ভাবনার কথা বলেন।
এ ছাড়া লবণাক্ততা-সহনশীল ধানের জাত, ডায়াবেটিস রোগীদের উপযোগী বিশেষ চাল, কাঁঠাল ও আনারসসহ বিভিন্ন ফল দীর্ঘমেয়াদে সংরক্ষণ এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানিযোগ্য খাদ্য প্রক্রিয়াজাতকরণ নিয়ে যৌথ গবেষণার সম্ভাবনা আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশ বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) চেয়ারম্যান ড. সামিনা আহমেদ শিশুদের পুষ্টিহীনতা দূরীকরণে ভিটামিন ও খনিজসমৃদ্ধ বিশেষ খাদ্য উৎপাদনের বিষয়ে তুলে ধরেন। অন্যদিকে ওমানের প্রতিনিধি দল খেজুর গাছের রেড পাম উইভিল দমনে তাদের গবেষণার অভিজ্ঞতা ভাগাভাগি করে এ বিষয়ে যৌথ গবেষণার প্রস্তাব দেয়।
বৈঠকে দুদেশের গবেষক, স্টার্টআপ উদ্যোক্তা ও নীতিনির্ধারকদের বিজ্ঞান পার্ক ও গবেষণা অবকাঠামো পরিদর্শনের আমন্ত্রণ জানানো হয়। আগামী সেপ্টেম্বরে বাংলাদেশে অনুষ্ঠেয় ন্যাশনাল ইনোভেশন ফেয়ারে অংশ নিতে ওমানের প্রতিনিধিদলকে আমন্ত্রণ জানান বিজ্ঞান ও প্রযুক্তি সচিব। পাশাপাশি আলোচনায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে উভয় পক্ষ ফোকাল পয়েন্ট মনোনয়নের সিদ্ধান্ত নেয়।
বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহম্মদ আশরাফ আলী ফারুক ও ড. সৈয়দা নওশিন পর্ণিনী, ওমানের স্টার ড্রোনস, ইনোভেশন পার্ক মাসকাটের প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) বাসিম আল্লাহ বখশ গুলাম আল-জাদজালি, বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান ড. মঈনুল ইসলাম এবং সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আশরাফুল হক চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










