ঝালকাঠির রাজাপুরে কেক খাওয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে ঝগড়ার জেরে বড় ভাইকে কুপিয়ে হত্যা করেছে ছোট ভাই। গতকাল সোমবার রাত ৯টার দিকে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের কেওতা গ্রামে তাদের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই নিহতের দাদা বাদী হয়ে রাজাপুর থানায় মামলা দায়ের করেছেন।
ঘাতক ছোটভাই আবদুল্লাহ স্থানীয় একটি মাদরাসার দশম শ্রেণির ছাত্র এবং নিহত বড়ভাই রহমান পিরোজপুরের কাউখালি উপজেলার গুয়াটন কলেজের এইচএসসির প্রথম বর্ষের ছাত্র। দুইভাই কেওতা গ্রামের প্রবাসী আবুবকর সিদ্দিকের ছেলে।
স্বজন ও প্রতিবেশীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার রাতে কেওতা গ্রামে কেক খাওয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হলে ছোট ভাই আবদুল্লাহর হাতে থাকা দা দিয়ে বড়ভাই রহমানের মাথায় কোপ দেয়। এতে রহমান গুরুতর জখম হলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে আসে। পরে কর্তব্যরত চিকিৎসক রহমানকে মৃত ঘোষণা করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মেহজাবীন আহম্মেদ বলেন, ‘রাত ১০টার দিকে আহতাবস্থায় রোগীকে নিয়ে আসেন স্বজনরা। এ সময় রোগীর মাথায় ধারালো অস্ত্রের আঘাতে দেড় ইঞ্চি গভীর ক্ষত ছিল। হাসপাতালে আসার আগেই অতিরিক্ত রক্তক্ষরণের ফলে রোগীর মৃত্যু হয়।’
নিহতের মা ইয়াসমিন বেগম বলেন, ‘আমি রাতের খাবার তৈরি করছিলাম। এ সময় দুই ভাই ঘরে বসে কেক খাচ্ছিল। পরে চিৎকার শুনে এসে দেখি রহমানের (বড় ছেলে) মাথা থেকে রক্ত ঝড়ছে। এসময় আবদুল্লাহ পালিয়ে যায়।’
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন বলেন, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতার মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার একমাত্র আসামি আবদুল্লাহকে গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত আছে।









