সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের চলমান অনির্দিষ্টকালের পূর্ণ দিবস কর্মবিরতিতে স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) সন্ধ্যায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের সঙ্গে এক বৈঠক শেষে এ ঘোষণা দেয়া হয়। এর আগে সচিবালয়ে বিকেল ৩টা থেকে এ বৈঠক শুরু হয়।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ঐক্য পরিষদ জানায়, আগামী ২৫ জুন পর্যন্ত এ কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আরো কঠোর কর্মসূচি দিয়ে দাবি আদায় নিশ্চিত করা হবে। সেই পর্যন্ত সবাইকে কেন্দ্রীয় নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
এর আগে তিন দফা দাবিতে গত সোমবার (২৬ মে) থেকে অনির্দিষ্টকালের জন্য পূর্ণ দিবস কর্মবিরতিতে গিয়েছিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। তাদের তিন দফা দাবির মধ্যে ছিল— কনসালটেশন কমিটির সুপারিশের যৌক্তিক সংস্কার করে সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ, ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন, প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতিসহ দ্রুত পদোন্নতি প্রদান।










