রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শহীদ ড. শামসুজ্জোহার শাহাদাত বার্ষিকী ও শিক্ষক দিবস পালিত হয়েছে। গতকাল বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষক-শিক্ষার্থীরা।
সকাল ৯টায় উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের নেতৃত্বে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা শহীদ ড. শামসুজ্জোহার সমাধি ও জোহা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করে ১ মিনিট নীরবতা পালন করেন। এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, আবাসিক হল, রাবি প্রগতিশীল শিক্ষক সমিতি, পেশাজীবী সমিতি, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।
এছাড়া শহীদ শামসুজ্জোহা হলে ও বাদ জুমা কেন্দ্রীয় জামে মসজিদে কোরআনখানি এবং বিশেষ মোনাজাত করা হয়। সন্ধ্যা ৭টায় শহীদ শামসুজ্জোহা হলে প্রদীপ প্রজ্বালন ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এদিন শহীদ স্মৃতি সংগ্রহশালা সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দর্শকের জন্য খোলা রাখা হয়।
এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. ওবায়দুর রহমান প্রামাণিক, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি অধ্যাপক মু. ফায়েক উজ্জামান প্রমুখ।
১৯৬৯ সালের ১৮ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রক্টর অধ্যাপক ড. শামসুজ্জোহা পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত হন। এ দিনটিকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়।









