বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজের শিক্ষক মিলনায়তনে যৌন নির্যাতন প্রতিরোধ নীতিমালার আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে। গতকাল বিকালে কর্মসূচিটি বেসরকারি সংস্থা আমরাই পারির উদ্যোগে এবং ইউএন ওমেন ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার সহযোগিতায় অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আমরাই পারি জোটের চেয়ারপারসন মানবাধিকারকর্মী সুলতানা কামাল। সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ শাহজাহান আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. আবদুল কাদের, আমরাই পারি জোটের নির্বাহী সমন্বয়কারী জিনাত আরা হক, সরকারি আজিজুল হক কলেজের রাষ্ট্রবিজ্ঞানের বিভাগীয় প্রধান অধ্যাপক উম্মল খায়ের মোছা. গুলশান আরা বানু, গণিতের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. মাহতাব হোসেন মন্ডল এবং দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মো. সফির আহম্মদ। সঞ্চালনা করেস ইংরেজি বিভাগের প্রভাষক মোহাম্মদ মতিয়ার রহমান সাজু।
অনুষ্ঠানের প্রধান অতিথি সুলতানা কামাল বলেছেন, একটা সমাজের সভ্যতার স্তর নির্মিত হয় সেই সমাজে মানুষেরা কতটুকু অধিকার, নিরাপত্তাবোধ ও মর্যাদা নিয়ে বাস করতে পারে তার ওপর। কেউ যদি লিঙ্গ পরিচয়ের কারণে হয়রানির শিকার হয়ে থাকে, তবে সেটিই যৌন হয়রানি। আমরা এমন পারিবারিক আবহে বেড়ে উঠি যে, বুঝতেও পারি না আমাদের বিভিন্ন আচরণ অন্যকে কষ্ট এবং অস্বস্তি দিয়ে থাকতে পারে। এ নীতিমালাটি আমাদের দিকনির্দেশনা দেবে, আমাদের আদর্শিকতার মাত্রা নির্মাণে সহায়ক হয়ে উঠবে।
অনুষ্ঠানের প্রতিটি বিভাগের শিক্ষার্থীদের কাছে এ নীতিমালা পৌঁছে দেয়া হবে বলে অধ্যক্ষ আশ্বাস দেন।










