টঙ্গীতে কেমিক্যালের আগুন নির্বাপণে অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে মৃত্যুবরণকারী ফায়ারফাইটার মো. নূরুল হুদার প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন সহকর্মীরা। আজ বুধবার সন্ধ্যা ৭টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়। ফায়ার সার্ভিস মিডিয়া সেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে মো. নূরুল হুদার কফিনে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী। এ সময় অগ্নিসেনাদের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। এরপর জানাজায় অংশগ্রহণকারীরা শেষবারের মতো সারিবদ্ধভাবে নূরুল হুদার মরদেহ দেখেন এবং শ্রদ্ধা জানান।

এতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, মন্ত্রণালয় ও অধিদপ্তরের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে প্রয়াত ফায়ারফাইটারের সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত পাঠ করে শোনানো হয়। এরপর নূরুল হুদার বাবা সংক্ষিপ্ত বক্তব্য দেন। তিনি পরিবারের পক্ষ থেকে সবার কাছে মরহুমের জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং দোয়ার আবেদন জানান। বক্তব্য শেষে জানাজা আদায় ও দোয়া পরিচালনা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ধর্মীয় শিক্ষক মুহাদ্দিস কাজী শরিফ উল্লাহ।

পরে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা মো. নূরুল হুদার লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ে তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার ধামাইলের উদ্দেশে যাত্রা শুরু করে। নিজ গ্রামের মাটিতেই চিরনিদ্রায় শায়িত হবেন প্রয়াত ফায়ারফাইটার মো. নূরুল হুদা।