রাজশাহীতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে প্রাণঘাতী করোনার সংক্রমণ। রোববার ২২৩ জনের নমুনা পরীক্ষায় ৭৭ জনের করোনা ধরা পড়েছে। গত একদিনে জেলায় করোনা শনাক্তের হার ৩৩ দশমিক ১৯ শতাংশ। চলতি জানুয়ারিতে করোনা শনাক্তের সর্বোচ্চ হার এটি।

জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি জানাচ্ছে জেলা সিভিল সার্জন দপ্তর। সূত্র জানায়, জানুয়ারির প্রথম সপ্তায় ১-৭ জানুয়ারি জেলায় ৯৬০ জনের নমুনা পরীক্ষা হয়েছে। শনাক্ত হয়েছে ৭৫ জনের। শনাক্তের শতকরা হার ৭ দশমিক ৮১ শতাংশ। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে সংক্রমণ বেড়েছে অন্তত ২ শতাংশ। ৮-১৪ জানুয়ারি জেলায় ১ হাজার ৪৪২ জনের নমুনা পরীক্ষায় ১৪৪ জনের করোনা শনাক্ত হয়। এ সপ্তাহে করোনা শনাক্তের হার ৯ দশমিক ৯২ শতাংশ।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, করোনা ওয়ার্ডে প্রায় ৭০০ সেন্ট্রাল অক্সিজেন লাইন রয়েছে। হাইফ্লোনেজাল ক্যানুলা রয়েছে, অক্সিজেন কনসান্ট্রেটর রয়েছে ৩০০টি। ১ হাজার ৪০০ অক্সিজেন সিলিন্ডার এবং ২৪টি বাইপেপ রয়েছে।