জলবায়ু পরিবর্তন এখন আর কেবল বৈশ্বিক উষ্ণতা বা প্রাকৃতিক দুর্যোগের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি বর্তমানে একটি প্রকট মানবিক ও সুশাসনের সংকট হিসেবে আবির্ভূত হয়েছে। বিশেষ করে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য এ সংকট জীবন-জীবিকা ও অস্তিত্বের লড়াইয়ে পরিণত হয়েছে। উপকূলের মানুষকে সুরক্ষায় কেবল অবকাঠামোগত উন্নয়নই যথেষ্ট নয়, বরং তৃণমূল পর্যায়ে জলবায়ু সুশাসন শক্তিশালী করতে স্থানীয় জনগণের সরাসরি অংশীদারত্ব নিশ্চিত করা এখন সময়ের দাবি।
গতকাল রাজধানীর সিরডাপ মিলনায়তনে জাতীয় পর্যায়ের নাগরিক সংগঠন ওয়েভ ফাউন্ডেশন আয়োজিত ‘জলবায়ু সুশাসন সিম্পোজিয়াম’-এ এসব কথা বলেন বক্তারা।
দিনের শুরুতে ‘স্থানীয় অংশীদারত্ব উন্নয়নে চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক প্যানেল আলোচনায় ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (আইন অধিশাখা) শাহানারা ইয়াসমিন লিলি। প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর সোশ্যাল রিসার্চের (সিএসআর) গবেষণা পরিচালক আহমেদ বোরহান। প্রকল্পের সংক্ষিপ্ত পরিচিত ও অর্জন তুলে ধরেন ওয়েভ ফাউন্ডেশনের উপনির্বাহী পরিচালক নাসিফা আলী সূচনা। সঞ্চালনা করেন সংগঠনটির উপপরিচালক কানিজ ফাতেমা। ওয়েভ ফাউন্ডেশন ও ওয়ার্ল্ড রিসোর্সেস ইনস্টিটিউটের (ডব্লিউআরআই) সহযোগিতায় বাংলাদেশে তৃণমূল জনগণের অংশগ্রহণে জলবায়ু সুশাসন শক্তিশালীকরণের ক্ষেত্রে ‘স্ট্রেংদেনিং ক্লাইমেট গভর্ন্যান্স উইথ গ্রাসরুটস পার্টিসিপেশন ইন বাংলাদেশ, এসসিজিজিপি’ প্রকল্পটি বরিশাল বিভাগের পটুয়াখালী ও বরগুনা জেলার চারটি উপজেলা ও ৩২টি ইউনিয়নে বিভিন্ন কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে।
গবেষক আহমেদ বোরহানের প্রবন্ধ উপস্থাপনে দেখা যায়, জনগণের চাহিদার সঙ্গে সংগতিপূর্ণ না হওয়ায় ৮২ শতাংশ উন্নয়ন প্রকল্পগুলোর সফলতা কম। ৭০ শতাংশ জনগণ ইউনিয়ন পরিষদের কার্যক্রম সম্পর্কে অবগত না থাকার ফলে তারা সঠিকভাবে সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না। ৮০ শতাংশ উন্নয়ন প্রকল্পে নারী ও প্রান্তিক জনগণের জন্য বিশেষ কোনো সুবিধা বা কর্মসূচি নেই, যা তাদের ক্ষমতায়ন এবং উন্নয়ন প্রক্রিয়ায় অংশগ্রহণকে বাধাগ্রস্ত করে।
মহিলাবিষয়ক অধিদপ্তরের গ্রিন ক্লাইমেট ফান্ডের সহকারী পরিচালক নাহিদ সুলতানা বলেন, ‘দেশে সবুজায়ন ও জলবায়ু অভিঘাত মোকাবেলায় সবাইকে একযোগে কাজ করতে হবে।’
সিআরপিডির প্রধান নির্বাহী মো. শামছুদ্দোহা বলেন, ‘জলবায়ুর অভিঘাত মোকাবেলায় পরিকল্পনার সঙ্গে বাস্তবায়নের গ্যাপ রয়েছে। বৈশ্বিকভাবে জলবায়ুসংক্রান্ত সব পরিকল্পনার সঙ্গে আমাদের সমন্বয় করা প্রয়োজন। তৃণমূল পর্যায়ে বিশেষ নজর দিয়ে ইউনিয়ন পরিষদকে স্বনির্ভর করতে হবে।’
শাহানারা ইয়াসমিন লিলি বলেন, ‘উপকূলীয় অঞ্চল ও গ্রামগঞ্জে বিশুদ্ধ খাবার পানির অভাব দূর করতে সরকার তার আর্থিক সক্ষমতা অনুযায়ী কাজ করে যাচ্ছে। তবে নাগরিক হিসেবে আমদেরও দায়বদ্ধতা আছে, নিজেদের পরিবর্তন করতে হবে।’
মহসিন আলী বলেন, ‘জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ ভূমিকা না রাখলেও ভুক্তভোগীর ক্ষেত্রে বাংলাদেশ রয়েছে সপ্তম অবস্থানে। যাদের দায় বেশি তারা দায় এড়িয়ে চলছেন। যতটুকু বাজেট রয়েছে তারও যথাযথ ব্যবহার হচ্ছে না। পরিস্থিতি মোকাবেলায় অন্যতম গুরুত্বপূর্ণ উপায় হতে পারে ইউনিয়ন পরিষদগুলোর সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বরাদ্দকৃত বাজেট বাড়ানো এবং তার যথাযথ ব্যবহার।’
প্রথম পর্বের অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক শিলা রানী দাস, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক (জলবায়ু পরিবর্তন) উম্মে সালমা সুমিসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সিম্পোজিয়ামের দ্বিতীয় পর্বে ওয়েভ ফাউন্ডেশনের সহকারী পরিচালক অনিরুদ্ধ রায়ের সঞ্চালনায় ‘জলবায়ু অভিবাসন ও ক্ষতিপূরণ ব্যবস্থা’ শীর্ষক বিষয়ভিত্তিক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে ওয়াটার ডট ওআরজি দক্ষিণ এশিয়ার পোর্টফোলিও লিড আবু আসলাম, হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন বাংলাদেশের প্রোগ্রাম ডিরেক্টর ফারহানা আফরোজ, ব্লাস্টের ক্লাইমেট অ্যান্ড ডিসপ্লেসমেন্ট অ্যাডভাইজার আহমাদ ইব্রাহীমসহ বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখেন।










