ঝালকাঠি জেলার নলছিটিতে এক ব্যক্তির নিজস্ব অর্থায়নে স্কুলের ছাত্রীদের জন্য একটি টয়লেট নির্মাণের ঠিকাদারের কাছে চাঁদা দাবি করেছে স্থানীয় কিছু ‘বখাটে যুবক’। দাবিকৃত চাঁদার অর্থ না পেয়ে নির্মাণাধীন টয়লেটটি ভেঙে দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

গত রবিবার (২২ ডিসেম্বর) রাতের কোন এক সময় টয়লেটের নির্মাণাধীন অংশ ভেঙে ফেলা হয়েছে। গতকাল সোমবার সকালে নির্মাণ শ্রমিকরা এসে ভাঙা দেখতে পান।

জানা গেছে, নলছিটি উপজেলার মগড় ইউনিয়নের রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রীদের জন্য আধুনিক টয়লেট নির্মাণের জন্য ব্যক্তিগতভাবে তিন লাখ টাকা দিয়েছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও শিক্ষাবিদ সৈয়দ সাদ আন্দালিব। টয়লেট নির্মাণের জন্য কাজ পান ঠিকাদার আসাদুজ্জামান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সাথে আলাপ করে তাদের নির্ধারিত স্থানে গত ১৯ ডিসেম্বর সকালে অত্যাধুনিক টয়লেট নির্মাণের কাজ শুরু করা হয়।

ঠিকাদার দাবি করেছেন, রাজিব হোসেন, বণি ওরফে বাবু ও রিপন মল্লিক নামে কিছু স্থানীয় বখাটে ছেলে টয়লেট নির্মাণের অর্থ থেকে কিছু টাকা চাঁদা দাবি করে। তা না দিলে রাতের আঁধারে এসে টয়লেটটি ভেঙে দেয়। পরের দিন (গতকাল) নির্মাণ শ্রমিকদের সামনেই ওই যুবকরা এসে শাসিয়ে গেছে। তারা বলেছে, ‘আমরাই টয়লেট ভেঙেছি, পারলে তোরা কিছু করিস।’ 

এমন ঘটনার পর ক্ষুব্ধ ওই ঠিকাদার বলেন, ‘একজনের ব্যক্তিগত অর্থে বিদ্যালয়ের ছাত্রীদের সুবিধার জন্য একটি টয়লেট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, সেখানেও চাঁদা দাবি করা হচ্ছে। টাকা না পেয়ে ভেঙে ইট ও কলামের রড নিয়ে গেছে। এতে আমাদের প্রায় ৪০ হাজার টাকারও বেশি ক্ষতি হয়েছে। আমরা এর বিচার চাই।’ টয়লেট নির্মাণের কাজ পুনরায় শুরু করা হয়েছে বলেও জানান তিনি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকছেদুর রহমান বলেন, ‘এটা দুঃখজনক। এব্যাপারে আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে ব্যবস্থা নেবো।’ 

অভিযুক্তদের সাথে মুঠোফোনে একাধিক বার যোগাযোগ করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।