ঋণখেলাপি হওয়ার পরও ঋণপত্র (এলসি) খোলার বিশেষ অনুমতি দেয়া হয়েছে এস আলম গ্রুপের মালিকানাধীন এস এস পাওয়ার লিমিটেডকে। শতভাগ মার্জিনের বিপরীতে রাষ্ট্রীয় মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসিকে এ এলসি খোলার অনুমতি দেয়া হয়েছে। রোববার বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।
নির্দেশনায় বলা হয়েছে, এস এস পাওয়ার-১ লিমিটেডের অনুকূলে রূপালী ব্যাংক কর্তৃক ১০০ শতাংশ মার্জিনে আমদানি ঋণপত্র খোলার ক্ষেত্রে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ২৭কক (৩) ধারার বিধান আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর হবে না।
ব্যাংক কোম্পানির ওই ধারা অনুযায়ী, কোনো খেলাপি ঋণগ্রহীতার অনুকূলে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কোনো ধরনের ঋণসুবিধা দিতে পারে না। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, বিভিন্ন ব্যাংক থেকে নামে-বেনামে প্রায় ২ লাখ ২৫ হাজার কোটি টাকা বের করে নিয়েছে এস আলম গ্রুপ, যার বিশাল একটি অংশ বর্তমানে খেলাপি ঋণে পরিণত হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, এস এস পাওয়ার লিমিটেডকে যে ঋণ সুবিধা দেয়া হবে, তার কোনো দায় সরকার ও বাংলাদেশ ব্যাংক নেবে না। ফলে রূপালী ব্যাংক এ ঋণের জন্য ভবিষ্যতে বাংলাদেশ ব্যাংকের কাছে কোনো আর্থিক সহায়তা দাবি করতে পারবে না।
চট্টগ্রামের বাঁশখালীতে ১ হাজার ৩২০ মেগাওয়াট উৎপাদনক্ষমতার বেসরকারি কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্র ‘এস এস পাওয়ার প্ল্যান্ট’ অবস্থিত। এস আলম গ্রুপ ও একটি চীনা প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে নির্মিত এ বিদ্যুৎকেন্দ্রটি ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করছে।










