গণতন্ত্রমঞ্চসহ যুগপৎ আন্দোলনের শরিক দল ও জোটের সঙ্গে বৈঠক ডেকেছে বিএনপি। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে এ বৈঠক বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, সমমনা জোট এবং গণ অধিকার পরিষদসহ অন্যান্য দলগুলো থেকে ২৭ জনের প্রতিনিধি আজকের এ বৈঠকে উপস্থিত থাকবেন দলীয় সূত্রমতে বলে জানা গেছে।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে ২৭২ টি আসনে নিজেদের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। আজকের এ বৈঠকে উপস্থিত থাকবেন বিপ্লবী ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তার ভাষ্যমতে, ‘নির্বাচনে আসন সমঝোতা নিয়ে বিএনপির সঙ্গে যে দূরত্ব তৈরি হয়েছে তা কীভাবে লাঘব করা যায় সেটি নিয়ে আমরা আলোচনা করব। আজকে ২৭-২৮ টি রাজনৈতিক দল উপস্থিত থাকবে। মূলত একটি বোঝাপড়ার জায়গা তৈরি করতেই এ বৈঠক।’

সর্বশেষ ২০১৮ সালের নির্বাচনে শরিকদের জন্য ৫৯টি আসন ছেড়ে দেয় বিএনপি। সে সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগারে থাকায় জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে ড. কামাল হোসেনের নেতৃত্বে নির্বাচনে অংশগ্রহণ করেছিল দলটি। সে সময় ধানের শীষ কিংবা নিজ দলের প্রতীকে অংশ নিয়েছিল জোটের দলগুলো। কিন্তু এবার ২৮ টি আসনের মধ্যে কতটি শরিক ও জোটদলগুলোকে দেয়া হবে সে বিষয়ে সমঝোতায় পৌঁছায়নি বিএনপি ও শরিক দলগুলো।

এ প্রসঙ্গে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বণিক বার্তাকে বলেন, ‘এমন একটি বৈঠকে আমরা আনন্দিত। গণতান্ত্রিক এবং কল্যাণমূলক রাষ্ট্র গঠনের যে স্পিরিট থেকে আমরা আন্দোলন করি গিয়েছি সেই স্পিরিটেই নতুন বাংলাদেশ আমরা প্রেজেন্ট করতে পারব।’