সড়ক দুর্ঘটনায় দেশের তিন জেলায় তিনজন নিহত হয়েছেন। গতকাল দিনের বিভিন্ন সময়ে বগুড়া, ময়মনসিংহ ও কুমিল্লায় এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

বগুড়া: জেলার দুপচাঁচিয়া উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সকাল ১০টায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কে উপজেলার তিশিগাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদ হাসান (২২) ওই উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মাজিন্দা গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে। তিনি পেশায় ট্রাকচালক। পুলিশ জানিয়েছে, সকালে বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে জাহিদ দুপচাঁচিয়ার দিকে রওনা হন। পথে তিশিগাড়িতে পৌঁছলে বগুড়া থেকে নওগাঁগামী একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই সাজ্জাদ মারা যান।

ময়মনসিংহ: জেলার তারাকান্দায় যান্ত্রিক ত্রুটির কারণে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পণ্যবোঝাই ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় যাত্রীবাহী একটি মাহেন্দ্র গাড়ি। ঘটনাস্থলেই মো. আনিছুর রহমান (৩০) নামের এক ব্যক্তি নিহত হন। আহত হন আরো তিন যাত্রী। গতকাল সকালে উপজেলার গোপালপুর খামারবাজার এলাকার শেরপুর-ময়মনসিংহ সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতরা সবাই মাহেন্দ্রের যাত্রী। আনিছুর রহমান ফুলপুর উপজেলার বালিয়ার এলাকার মো. নূরুল ইসলামের ছেলে। পুলিশ জানিয়েছে, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। 

কুমিল্লা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনায় সড়ক দুর্ঘটনায় জয়নাল আবেদিন (৫১) নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। গতকাল বিকাল সাড়ে ৩টায় এ দুর্ঘটনা ঘটে। এতে ইসমাইল নামে অন্য একজন আহত হন। নিহত জয়নাল আবেদিন দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের ৬ নম্বর হরিপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য। তিনি দক্ষিণ হরিপুর গ্রামের মৃত আবুল হাসেম মিয়ার ছেলে। নিহতের বড় ভাই সফিক মিয়া জানান, জয়নাল মেম্বার ও ইসমাইল সকালে কুমিল্লা যান। সেখান থেকে ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার কাঠগড়ে তাদের বহনকারী প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। আহতাবস্থায় উদ্ধার করে তাদের কুমিল্লা নেয়ার পথে জয়নাল আবেদিনের মৃত্যু হয়।