শেষ চার দিনে কুড়িগ্রামের তাপমাত্রা ছিল ৭ থেকে ১০ ডিগ্রির মধ্যে। আজ বুধবার (২৪ জানুয়ারি) জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম কৃষি আবহাওয়া অফিসের পর্যবেক্ষক সুবল চন্দ্র। 


দিনের অধিকাংশ সময় সূর্যের দেখা মিলছে না। ফলে কৃষকরা মাঠে নামতে না পারায় ব্যাহত হচ্ছে বোরো আবাদ। এছাড়া জেলার হাসপাতালসহ স্বাস্থ্য কেন্দ্রগুলোতে বাড়ছে ডায়রিয়া, নিউমোনিয়া, সর্দি-কাশিসহ শীতজনিত রোগীর সংখ্যা। আক্রান্তদের মধ্যে শিশুর সংখ্যা সবচেয়ে বেশি।

 

অন্যদিকে গরম কাপড়ের অভাবে তীব্র শীতে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় ছিন্নমূল মানুষ। এই পরিস্থিতিতে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে অনেককেই। দিনের বেলায়ও যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে সতর্কতার সঙ্গে যাতায়াত করতে দেখা গেছে।

 

জেলার তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকায় ৪ দিন ধরে বন্ধ রয়েছে মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান। এতে ভোগান্তি পড়েছেন শিক্ষার্থীরা।


তীব্র শীতে কাজে বের হতে পারছেন না শ্রমজীবীরা। ফলে নেতিবাচক প্রভাব পড়েছে তাদের আয় রোজগারে। অটোচালক মিনহাজুল বণিক বার্তাকে জানান, গত ৩ দিন ধরে শীতে বের হওয়া যাচ্ছে না। গাড়ি চালানো যায় না। গরম কাপড়েও রক্ষা পাওয়া যাচ্ছে না। যাত্রী না থাকায় আয়ও কমে গেছে।

জেলার রাজারহাট উপজেলার চাকিরপশা ইউনিয়নের কৃষক আফজাল হোসেন বণিক বার্তাকে জানান, একদিকে বীজতলা নষ্ট হওয়ার উপক্রম হয়েছে অন্যদিকে তীব্র শীতে চারা লাগাতে পারছি না। পরিস্থিতি ভালো হওয়ারও আভাস নেই।

 

কুড়িগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সাইদুল আরীফ বণিক বার্তাকে জানান, জেলার ৯টি উপজেলায় হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে সরকারিভাবে ৭০ হাজার কম্বল বিতরণ করা হয়েছে।