সাতক্ষীরা থেকে দেশের শীর্ষ দুই অনলাইন জুয়াড়িকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার (১১ অক্টোবর) দুপুরে জেলা পুলিশের কনফারেন্স রুমে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
আটকরা হলেন, মেহেরপুর জেলার শিবপুর গ্রামের জিনারুল ইসলামের ছেলে মুরশিদ আলম লিপু (২৯) ও বামনপাড়া গ্রামের মাছুদুল আলমের ছেলে মুছাঈদ আলম (৩০)। তারা দুজনই মেহেরপুর জেলার বাসিন্দা।
সাতক্ষীরা পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান, আটকরা অনলাইনের বড় জুয়াড়ি। মানুষকে প্রলোভন দেখিয়ে অনলাইন জুয়া খেলায় উদ্বুদ্ধ করেন তারা। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১০ অক্টোবর) রাত ১১টার দিকে সদর উপজেলার খড়িবিলা মোড় থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৪টি মোবাইল ও তিনটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে । প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে অনলাইন জুয়ায় তারা লিপ্ত রয়েছেন।
তিনি আরো জানান, তাদের বিরুদ্ধে ডিএমপির পল্টন থানায় একটি মামলাও রয়েছে। সাতক্ষীরা থানায় মামলার প্রস্তুতি চলছে।










