পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জনসচেতনতা ও সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই। আজ শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের অডিটোরিয়ামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষ্যে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের যৌথ উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।
মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন এখন প্রতিদিনের বাস্তবতা। অনিয়মিত বৃষ্টিপাত, তীব্র তাপপ্রবাহ এবং উপকূলীয় লবণাক্ততা আমাদের জীবন-জীবিকাকে হুমকির মুখে ফেলছে। পরিবেশ রক্ষা শুধু সরকারের একার পক্ষে সম্ভব নয়, একটি পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে হলে সাধারণ নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।
অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ। তিনি বলেন, সরকার একা পরিবেশ রক্ষা করতে পারবে না; এ জন্য নাগরিক সমাজ, পরিবেশবাদী সংগঠন, তরুণ প্রজন্ম, প্রান্তিক জনগোষ্ঠীসহ সমাজের সকল স্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সভাপতি অধ্যাপক ড. নূর মোহাম্মদ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন পরিবেশ দিবস আয়োজক কমিটির পক্ষে বাপার যুগ্ম সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির সুমন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সহ-সভাপতি অধ্যাপক ড. এম. ফিরোজ আহমেদ।
অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. লুৎফর রহমান, বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিরা, গবেষক, টেকসই উন্নয়ন বিশেষজ্ঞ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।










