প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ একটি বৃহৎ পরিবার। এখানে সব নাগরিকের অধিকার রক্ষার দায়িত্ব সরকারের। আমাদের দেশের মানুষের মধ্যে কোনো বিভেদ থাকতে পারে না। আমরা সবাই সমান নাগরিক। অন্তর্বর্তী সরকার দেশের নাগরিকদের অধিকার রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ।

সোমবার (২৬ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রী কৃষ্ণের জন্মোৎসব (জন্মাষ্টমী) উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

ড. ইউনূস বলেন, এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে সবাই নির্ভয়ে তাদের ধর্ম পালন করতে পারবে। যেখানে কোনো মন্দির পাহারা দিতে হবে না।

হিন্দু নেতাদের তিনি বলেন, আমাদের দায়িত্ব সব নাগরিকের অধিকার প্রতিষ্ঠা করা। আমাদের কাজ নাগরিকদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা।

প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানিয়ে হিন্দু নেতারা জানান, অন্তর্বর্তীকালীন সরকারসহ জাতির সম্প্রীতি ও সমৃদ্ধি চেয়ে ভগবান শ্রী কৃষ্ণের কাছে তারা আশীর্বাদ চেয়েছেন।  

হিন্দু নেতারা জানান, তারা দেশের বন্যা কবলিত অঞ্চলে জন্মাষ্টমী উদযাপন স্থগিত করে খাদ্য ও ত্রাণ পাঠিয়েছেন।

এ সময় তারা বিভিন্ন সময়ে মন্দিরের জমিসহ হিন্দুদের সম্পত্তি দখলের প্রসঙ্গ তুলে ধরেন।

শীর্ষ হিন্দু নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন কাজল দেবনাথ, মনীন্দ্র কুমার নাথ, চারুচরণ ব্রক্ষ্মচারী, বাসুদেব ধর, সন্তোষ শর্মা ও প্রীতি চক্রবর্তী।