মহাকবি
মাইকেল মধুসূদন দত্তের ২০০তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির জন্মভিটায় কপোতাক্ষ পাড়ে শুরু হয়েছে নয় দিনব্যাপী মধুমেলা।
কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের বঙ্গবন্ধু
শেখ মুজিব চেয়ার অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার
হোসেন প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করেন।
মেলা উপলক্ষে সাগরদাঁড়িকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। কপোতাক্ষ নদ পাড়, জমিদারবাড়ির আম্রকানন, কাঠবাদাম গাছতলা, বিদায় ঘাট, মধুপল্লীসহ মেলা প্রাঙ্গণে এরই মধ্যে দর্শনার্থীর পদচারণা শুরু হয়েছে। মধুমেলা সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব প্রস্তুতি শেষ হয়েছে।
সাগরদাঁড়ির আলোকচিত্র শিল্পী মুফতি তাহেরুজ্জামান তাছু বলেন, ‘মধুমেলা উপভোগ করার জন্য সাগরদাঁড়িসহ চারপাশের গ্রামে গ্রামে আত্মীয়-স্বজন আসতে শুরু করেছেন। অনেকেই মেয়েজামাই, বন্ধু-বান্ধবসহ অতিথিদের দাওয়াতও দিয়েছেন। প্রতিটি বাড়িতে উৎসবের আমেজ বিরাজ করছে। এবারের মেলায় লাখো দর্শনার্থীর সমাগম ঘটবে।’
কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মধুমেলা উদযাপন কমিটির সদস্য সচিব তুহিন হোসেন বলেন, ‘সাগরদাঁড়িতে মধুমেলার মধুমঞ্চে নয় দিনব্যাপী কেশবপুর ও যশোরের শিল্পীগোষ্ঠীর পাশাপাশি দেশবরেণ্য কবি, সাহিত্যিক ও শিল্পীরা অংশ নেবেন। এবারো জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকেল মধুসূদন পদক দেয়া হবে। মেলায় আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি প্রশাসন তৎপর রয়েছে। মেলার চারপাশে ও বিভিন্ন স্টলে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পুলিশের টহল টিম সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করছে।’










