ময়মনসিংহের হালুয়াঘাটের ডুমনিকুড়া সীমান্তে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি নিহত হয়েছেন। গতকাল ভোরে ময়মনসিংহের সীমান্তবর্তী উপজেলা হালুয়াঘাটের সূর্যপুর বিজিবি ক্যাম্পের আওতায় ডুমনিকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় চোরাকারবারিদের হামলায় বিজিবির এক সদস্য গুরুতর আহত হয়েছেন।

বিজিবির ৩৯ ব্যাটালিয়নের সিও লে. কর্নেল তৌফিকুর রহমান জানান, গতকাল ভোরে সীমান্তের একটি গাছের বাগানে আট-নয়জন ভারতীয় চোরাকারবারিকে দেখে সূর্যপুর ক্যাম্পের টহলরত ইনচার্জ নায়েব সুবেদার খন্দকার আব্দুল হাই ও তার সঙ্গীয় বিজিবি সদস্যরা দাঁড়াতে বলায় চোরাকারবারিরা ধারালো দা দিয়ে কুপিয়ে বিজিবি সদস্য সিপাহি মেহেদী হাসানকে মাথায় ডান পাশে আঘাত করলে রক্তাক্ত জখম হন। আত্মরক্ষার্থে অন্যান্য চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি করলে টেডিয়ন জি মোমিন (৪৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয় এবং অন্যরা দৌড়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে দুটি দা, ভারতীয় অফিসার চয়েজ ১২ বোতল মদ, ২৬০ পিস ইয়াবা, একটি ভারতীয় জাতীয় পরিচয়পত্র, ইনকামট্যাক্স ডিপার্টমেন্ট কর্তৃক একটি কার্ড, স্ট্রেট ব্যাংক অব ইন্ডিয়ার গ্রিন রেমিট কার্ড, একটি মোবাইল ফোন ও নগদ ৬ হাজার ১৬০ রুপি পাওয়া যায়।