জনশক্তি রফতানিকারক প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল স্থগিত করা হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বায়রার নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ফিরোজ আল মামুন সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বিভাগের বিচারপতি ফাহমিদা কাদের ও আসিফ হাসানের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ বায়রার নির্বাচনি তফসিলের ওপর দুই সপ্তাহের স্থগিতাদেশ দিয়েছে। আদালতের এ আদেশের ফলে গত ২৯ অক্টোবর ঘোষিত নির্বাচনি তফসিল কার্যকর থাকছে না।

এর আগে বায়রা সম্মিলিত সমন্বয় ফ্রন্টের সমন্বয়ক মোস্তফা মাহমুদের দায়ের করা রিট আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) আদালত নির্বাচন স্থগিতের নির্দেশ দেন।