খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৫৫ লাখ উপকারভোগী প্রতি মাসে ১৫ টাকা দরে ৩০ কেজি করে চাল কিনতে পারবেন। তারা এ সুযোগ পাবেন ছয় মাস। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

বলা হচ্ছে, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, বাজারে মূল্য স্থিতিশীল রাখা এবং কর্মাভাবকালীন সময়ে নিম্ন আয়ের জনগোষ্ঠীর খাদ্য সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে ১ আগস্ট খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ শুরু হয়েছে।

এ কর্মসূচিতে ৪৯৫টি উপজেলার ৫৫ লাখ কার্ডধারী উপকারভোগী অন্তর্ভুক্ত। তারা আগস্ট-নভেম্বর এবং মার্চ ও এপ্রিল এ ছয় মাসে কেজি ১৫ টাকা দরে প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাবেন।

দরিদ্র জনগোষ্ঠীর অপুষ্টি মোকাবেলা, বিশেষ করে নারী ও শিশুদের পুষ্টি উন্নয়নে এই কর্মসূচির আওতায় বর্তমানে ২৪৮টি উপজেলায় প্রায় ২৫ লাখ ২৯ হাজার উপকারভোগীর মধ্যে পুষ্টিচাল এবং ২৪৭টি উপজেলায় ২৯ লাখ ৭১ হাজার উপকারভোগীর মাঝে সাধারণ চাল বিতরণ করা হচ্ছে। একই সঙ্গে দোকান ও ট্রাকের মাধ্যমে সারা দেশে ১ হাজার ১০৮টি কেন্দ্রে ওএমএস কর্মসূচির আওতায় নিয়মিত চাল ও আটা বিতরণ অব্যাহত রয়েছে।

খাদ্য মন্ত্রণালয় বলছে, বর্তমানে দেশের খাদ্য মজুদ অত্যন্ত সন্তোষজনক। আগের যেকোনো সময়ের তুলনায় সবচেয়ে বেশি মজুদ রয়েছে এবং খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রম চলমান রয়েছে। গতকাল মজুদকৃত খাদ্যের পরিমাণ ছিল ২৩ লাখ ৪৯ হাজার ৩৮৫ টন। এর মধ্যে চাল ১৯ লাখ ৬৬ হাজার ১৪৮ টন, গম ২ লাখ ৮০ হাজার ১০ এবং ধান ১ লাখ ৫২ হাজার ১০৯ টন (চালে রূপান্তরের হিসাবে)।