দেশের সব দোকানপাট ও শপিং মল খোলা রাখার সময় এক ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এ তথ্য জানান জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, আগে সন্ধ্যা ৬টা পর্যন্ত দোকান খোলা রাখার সিদ্ধান্ত ছিল। পরে দোকান ব্যবসায়ী মালিক সমিতির আবেদনের প্রেক্ষিতে সে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হয়েছে। এখন সন্ধ্যা ৭টা পর্যন্ত দোকান খোলা রাখা যাবে।

প্রতিমন্ত্রী বলেন, দোকান মালিকদের পক্ষ থেকে অন্তত সন্ধ্যা ৭টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ দেয়ার অনুরোধ জানানো হয়েছিল। বিষয়টি বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী আগের সিদ্ধান্তে পরিবর্তন এনেছেন।

মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি সংকট দেখা দেয়ায় সরকার আগে সন্ধ্যা ৬টার মধ্যে সব দোকান ও শপিং মল বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল। আজ থেকে সে সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা ছিল।

এর আগে, দোকান ব্যবসায়ী মালিক সমিতির নেতারা রাত ৮টা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমতি চেয়ে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানান। এ বিষয়ে তারা শনিবার রাজধানীর বিদ্যুৎ ভবনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।

ওই বৈঠকে তারা জানান, প্রয়োজনে সকাল ৯টার পরিবর্তে বেলা ১১টায় দোকান খুলতে রাজি আছেন। তবে সন্ধ্যা ৬টার বদলে রাত ৮টা পর্যন্ত ব্যবসার সুযোগ চান।