নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিক দলের বিপক্ষে টানা ১৮ ওয়ানডে হারের পর অবশেষে জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। শনিবার নেপিয়ারে দুর্দান্ত বোলিং প্রদর্শনীতে টাইগাররা জিতেছে ৯ উইকেটের বিশাল ব্যবধানে। কিউইদের মাত্র ৯৮ রানে গুটিয়ে দেয়ার পর ৯ উইকেট ও ২০৯ বল হাতে রেখে দেশটিতে অধরা জয়ের খোঁজ পায় বাংলাদেশ। শেষ ওয়ানডের সেই মোমেন্টাম কি টি২০-তে টেনে নিতে পারবে নাজমুল হোসেন শান্তর দল? 

আগামীকাল নেপিয়ারের সেই একই মাঠে বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিটে শুরু হবে প্রথম টি২০ ম্যাচ। এরপর মাউন্ট মঙ্গানুই চলে যাবে দল। সেখানে ২৯ ও ৩১ ডিসেম্বর সিরিজের শেষ দুটি টি২০ ম্যাচ অনুষ্ঠিত হবে। 

ভিন্ন ফরম্যাট বলে দলেও থাকছে কিছু পরিবর্তন। ওয়ানডে সিরিজ শেষ হওয়ায় দেশে ফিরে এসেছেন সিনিয়র ব্যাটার মুশফিকুর রহিম, ব্যাটার এনামুল হক বিজয়, ওপেনার তানজিদ হাসান তামিম ও স্পিনার রাকিবুল হাসান। ওয়ানডে খেলা দলটির বাকিরা আছেন টি২০ সিরিজে। টি২০ স্কোয়াডে যুক্ত হবেন ব্যাটার রনি তালুকদার ও শামীম পাটোয়ারী এবং স্পিনার তানভীর ইসলাম। 

গত বছর টি২০ বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলে বাংলাদেশ। তৃতীয় দলটি ছিল পাকিস্তান। ওই সিরিজে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচে যথাক্রমে ৮ উইকেট ও ৪৮ রানে পরাজিত হয় বাংলাদেশ। মাঝে দ্বিপক্ষীয় সিরিজ ও বিশ্বকাপ মিলে সাতটি ওয়ানডে আর দুটি টেস্টও খেলেছে টাইগার ও কিউইরা। এক বছরেরও বেশি সময় পর এবার টি২০-তে দেখা হচ্ছে দুই দলের। 

দুই দল এখন পর্যন্ত ১৭টি টি২০ ম্যাচ খেলেছে, যার মধ্যে কিউইরা ১৪টি ও বাংলাদেশ তিনটিতে জিতেছে। যদিও নিউজিল্যান্ডের মাঠে কখনো জেতা হয়নি টাইগারদের। দ্বীপদেশে ৯টি টি২০ ম্যাচ খেলে সবগুলোতেই জুটেছে হার। ২০২২ সালের জানুয়ারিতে মাউন্ট মঙ্গানুইতে প্রথমবারের মতো টেস্ট জয়ের পর গত শনিবার নিউজিল্যান্ডের মাঠে ওয়ানডে ম্যাচেও জয়লাভ করে বাংলাদেশ। এবার কি টি২০-তেও প্রথম জয়ের দেখা মিলবে?