টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণের সময় এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ সদস্যের নাম মোহাম্মদ মাসুম (১৯)। তার টিআরসি নম্বর ২৬৫২০৪ ।
সোমবার (১৯ জানুয়ারি) ভোরে প্রশিক্ষণ চলাকালে পরীক্ষা নেয়ার সময় হঠাৎ একটি চায়না রাইফেল থেকে গুলি বের হয়। এতে মাসুমের বাম পাশের কাঁধে গুলি লাগে।
ঢাকা পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ তৌফিক ইসলাম জানান, ঘটনার পর তাৎক্ষণিকভাবে মাসুমকে উদ্ধার করে প্রথমে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য র্যাবের হেলিকপ্টারে ঢাকায় আনা হয়।
এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) ভর্তি করা হয়। চিকিৎসকদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, তার অবস্থা আশঙ্কাজনক।










