বাগেরহাটের মোংলায় সুন্দরবন সুরক্ষায় শপথ নিয়েছেন বনের ওপর নির্ভরশীল জনগোষ্ঠী বনজীবী-মৎস্যজীবী-জেলে-বাওয়ালী ও মৌয়ালীরা। গতকাল সকালে সুন্দরবন দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটারকিপার্স
বাংলাদেশ, ওয়াইল্ডটিম, বাদাবন সংঘ, সুন্দরবন জাদুঘর ও পশুর রিভার ওয়াটারকিপার আয়োজিত উপজেলা পরিষদ চত্বরে বনজীবীদের শপথবাক্য পাঠ করান প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার।
সুন্দরবন রক্ষায় র্যালি, মানববন্ধন, শিশু চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির মধ্যে দিয়ে সুন্দরবন দিবস পালিত হয়।
সকালে মোংলা উপজেলা পরিষদ চত্বর থেকে সুন্দরবন সুরক্ষায় র্যালি বের হয়ে চৌধুরী মোড়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। পরে বিপদাপন্ন সুন্দরবন রক্ষায় সুন্দরবন প্রেমীরা মানববন্ধন করেন। মানববন্ধন চলাকালে অংশগ্রহণকারীরা ‘সুন্দরবন বাঁচাও, উপকূল বাঁচাও, দেশ বাঁচাও’, ‘সুন্দরবন বাঁচলে, বাঘ বাঁচবে, সুন্দরবনে পরিকল্পিত অগ্নিকাণ্ড বন্ধ কর’,
‘সুন্দরবনের খালে বিষ দিয়ে মাছ নিধন বন্ধ কর’,
‘বাঘ-হরিণসহ বন্যপ্রাণী হত্যা বন্ধ কর, সুন্দরবনে শিল্প দূষণ, প্লাস্টিক দূষণ, জাহাজি বর্জ্য দূষণ বন্ধ কর’—ইত্যাদি স্লোাগানসংবলিত প্ল্যাকার্ড-ফেস্টুন বহন করেন।










