হিলি সীমান্তে নানা বিষয় নিয়ে বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ হিলি সীমান্তের চেকপোস্টে শূন্য রেখা (২৮৫/১১ এস) পিলারের বাংলাদেশ অভ্যন্তরে সৌজন্য সাক্ষাৎ শেষে বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দুই বাহিনীর অধিনায়ক একে অপরের সঙ্গে সীমান্তের নানা বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকটি প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলে। বৈঠক শেষে বিএসএফের প্রতিনিধি দল পুনরায় ভারতে ফিরে যান।
জয়পুরহাট-২০বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল তানজিলুর রহমান বলেন, এটি মূলত দুটি বাহিনীর ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে একটি সৌজন্য সাক্ষাৎ ছিল। নিয়মিত আমাদের দুই বাহিনীর মধ্যে যোগাযোগ হয়। তারই একটি অংশ আজকের এ সাক্ষাৎ।
এর আগে ভারতের বিএসএফের ১৫১ ব্যাটালিয়নের অধিনায়ক কমল ভগত সিংকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান।









