সড়ক দুর্ঘটনায় পাঁচ জেলায় সাতজনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে গাজীপুর ও নারায়ণগঞ্জে দুজন করে চারজন নিহত হয়েছেন। এছাড়া বগুড়া, ভোলা ও চুয়াডাঙ্গায় একজন করে আরো তিনজনের মৃত্যু হয়েছে। গত সোমবার রাতে ও গতকাল দিনের বিভিন্ন সময় এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে 

গাজীপুর: টঙ্গীতে বাসের ধাক্কায় এক শিক্ষকসহ দুজন নিহত হয়েছেন। গতকাল বেলা ১১টার দিকে টঙ্গী এলাকার উড়াল সেতুতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষক রামকৃষ্ণ সাহা (৩২) ও রাইড শেয়ারিং অ্যাপ পাঠাওয়ের চালক দিদারুল আলম দিনার (৩৪)। রামকৃষ্ণ সাহা ঢাকার মোহাম্মদপুর এলাকার চাঁদ হাউজিংয়ের বাসিন্দা। দিদারুল আলম নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার বড় বিনাইলচড় গ্রামের বাসিন্দা।

নারায়য়ণগঞ্জ: রূপগঞ্জে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে দুই যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো একজন। গতকাল সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বরপায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কুমিল্লার দাউদকান্দি উপজেলা বাগাপাড়ার মোহাম্মদ উল্লাহ ও তার শ্বশুর সিদ্দিকুর রহমান।

বগুড়া: আদমদীঘিতে ব্যাটারিচালিত অটোভ্যানের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় আরমিন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সকাল ৯টার দিকে উপজেলা পরিষদসংলগ্ন পূর্ব মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরমিন উপজেলার সুদিন গ্রামের ইউসুফ আলীর মেয়ে। 

ভোলা: চরফ্যাশনে পিকআপ ভ্যানচাপায় মো. আব্দুর রব সর্দার (৪০) নামে এক পথচারী নিহত হয়েছেন। গতকাল বিকালে চরফ্যাশন-দক্ষিণ আইচা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রব চরফ্যাশন উপজেলার জিন্নাগড় ইউনিয়নের ৭ নম্বর ওয়াডের নূর মোহাম্মদ সর্দারের ছেলে।

চুয়াডাঙ্গা: আলমডাঙ্গায় আলমসাধুর সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে লিটন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুজন। গত সোমবার রাতে উপজেলার ডাম্বলপুরে এ দুর্ঘটনা ঘটে।