দিনাজপুরের হিলিতে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। রোগীর চাপে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। তরল খাবার খাওয়ার ও বাইরের খোলা খাবার না খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
স্থানীয়রা জানান, হিলিতে গত কয়েকদিন ধরেই তীব্র তাপদাহ বিরাজ করছে। মাঝে মাঝে হালকা বৃষ্টি হলেও গরম কমছে না। গরমে অনেকেই ডায়রিয়া ও জ্বরসহ অন্যান্য রোগে আক্রান্ত হচ্ছেন। এমন অবস্থায় চিকিৎসা নিতে হাসপাতালে ভিড় করছেন রোগীরা। কেউ কেউ বহির্বিভাগে চিকিৎসক দেখিয়ে বাড়ি ফিরলেও অনেকেই ভর্তি হচ্ছেন হাসপাতালে। ডায়রিয়াসহ অন্যান্য রোগে বর্তমানে প্রতিদিন গড়ে ৫০ থেকে ৬০ জন রোগী হাসপাতালে ভর্তি থাকছেন।
মেয়েকে নিয়ে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এক মা জানান, তার মেয়ে হঠাৎ করে তিন দিন ধরে পাতলা পায়খানা করছিলো। স্যালাইন খাওয়ানো হলেও সুস্থ হচ্ছিলো না। কিছু খেতে পারছিলো না। শরীর দুর্বল হয়ে অবস্থা খারাপের দিকে যাচ্ছিলো। পরে হিলি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন তারেক আহমেদ জানান, হঠাৎ তার পেট ব্যথা শুরু হয়। ঘন ঘন বমি হতে থাকে। জ্বর আসে। কিছুতেই কমছিল না। বাধ্য হয়ে গতকাল রাতে হাসপাতালে ভর্তি হয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, কখনও গরম পড়ছে আবার কখনও ঠান্ডা। বৃষ্টির কিছুক্ষণ পরই গরম বাড়ছে। আবহাওয়ার এমন পরিবর্তনজনিত কারণে হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়েছে। শ্বাসকষ্ট ও জ্বরের রোগীও বেড়েছে। এক্ষেত্রে আমাদের পরামর্শ হলো, বেশি করে পানি পান করতে হবে। তরল খাবার খেতে হবে। সেই সঙ্গে বাইরের খোলা খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে। অতিরিক্ত ঘাম যেন না হয় এবং ঠান্ডা যেন না লাগে সেই ব্যবস্থা নিতে হবে।










