বাংলাদেশে চার দিনের শুভেচ্ছা সফরে রাশিয়ান নৌবাহিনীর দু’টি জাহাজ রেজকি এবং সোভারচেনি মঙ্গলবার চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। জাহাজ দুটি বন্দরে পৌঁছালে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার সফরকারী জাহাজের অধিনায়ক, কর্মকর্তা ও নাবিকরা স্বাগত জানায়।

এ সময় বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার উপ-রাষ্ট্রদূত, মিলিটারি, এয়ার ও নেভাল অ্যাটাশে এবং নৌবাহিনীর স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে জাহাজ দুটি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বানৌজা ওমর ফারুক’ তাদের আনুষ্ঠানিক অভ্যর্থনা জানায়।

নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এ শুভেচ্ছা সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর মধ্যে পেশাগত অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি পাবে। বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে। সফর শেষে রাশিয়ান নৌবাহিনীর জাহাজ দুটি আগামী ২৭ মার্চ বাংলাদেশের জলসীমা ত্যাগ করবে।