ভ্যাট চালানের মেশিন বা ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) দোকানে-দোকানে স্থাপন ও ভ্যাট চালান নিশ্চিত করতে শিক্ষার্থীদের কাজে লাগানোর কথা ভাবছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এছাড়া আগামী বৃহস্পতিবার অংশীজনদের সঙ্গে সভা করবে ভ্যাট বাস্তবায়ন বিভাগ। এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে।

এনবিআরের সদস্য (ভ্যাট বাস্তবায়ন ও আইটি) ড. মো. আব্দুর রউফ বণিক বার্তাকে বলেন, ‘সবার সহযোগিতা নিয়ে জুয়েলারি খাতের সব প্রতিষ্ঠানে ইএফডি স্থাপন করা হবে। তারপর পর্যায়ক্রমে হোটেল, রেস্তোরাঁ, মিষ্টির দোকান, টাইলস ডিলার, চশমার দোকানসহ সব খাতে ইএফডি স্থাপন করা হবে। ইএফডি স্থাপন করার পরে উদ্বেগের বিষয় হলো, অনেকে ইএফডিতে ভ্যাট চালানপত্র ইস্যু করে না। এ বিষয়টা নিশ্চিত করার জন্য ট্রাফিক পুলিশের মতো করে ছাত্রদের কাজে লাগানো যায় কিনা, সে বিষয়টাও চিন্তায় আছে।’

ইএফডি স্থাপনের পরও কোনো ব্যবসায়ী সেটির বাস্তবায়ন করল না, তখন কী ব্যবস্থা নেয়া হবে জানতে চাইলে তিনি বলেন, ‘আগে স্থাপন করে নিই। যথেষ্ট সংখ্যক স্থাপন করা হলে তারপর একটা ব্যবস্থা নেব।’