ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির অফিশিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজ হ্যাক হয়েছে। পেজটির পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার পর সেটির প্রোফাইল ও কভার ছবি পরিবর্তন করে নিজেদের লোগো দিয়ে দিয়েছে হ্যাকার গ্রুপ 'এমএস ৪৭০ এক্স'।

আজ শুক্রবার ভোরে ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ হ্যাক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ব্যাংক কর্তৃপক্ষ।

ওই পেজে দেয়া এক পোস্টে হ্যাকার গ্রুপ জানিয়েছে, বাংলাদেশ ইসলামী ব্যাংকের তৎপর কর্তৃপক্ষের অনৈতিক আচরণে 'এমএস ৪৭০ এক্স' তাদের পেজের নিয়ন্ত্রণ নিয়েছে। হাজার হাজার কর্মীর ভবিষ্যৎ রক্ষা করা হবে। অবিলম্বে অন্যায় চাকরিচ্যুতির পুনর্বিবেচনা ঘোষণা করা হোক।’ তবে কিছুক্ষণ পরই পোস্টটি মুছে দেয়া হয়।

ব্যাংকটির জনসংযোগ বিভাগের প্রধান নজরুল ইসলাম গণমাধ্যমকে জানান, ভোরে আমাদের ফেসবুক পেজটি হ্যাক হয়েছে। আমরা সেটি উদ্ধারের চেষ্টা করছি। আশা করছি, দ্রুততম সময়ের মধ্যে এটা উদ্ধার করা সম্ভব হবে।

তবে সকাল সাড়ে ১০টার কিছু পর থেকেই আর ইসলামী ব্যাংকের ফেসবুক পেজটি খুঁজে পাওয়া যাচ্ছে না।