বগুড়ার শিবগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল থেকে পুলিশের ওপর হামলার অভিযোগে প্রায় ২০০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক জিল্লুর রহমান বাদী হয়ে ২৯ জনের নাম উল্লেখ করে এ মামলাটি করেন। এরই মধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মামলার সূত্রে জানা গিয়েছে, গত ২ সেপ্টেম্বর বিকেল ৪ টায় শিবগঞ্জ উপজেলা বিএনপি আটমুল ইউনিয়নের মমতাজুর রহমান আদর্শ কেজি স্কুল মাঠে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। সন্ধ্যা ৬ টার সময় বিএনপির প্রায় ২০০ নেতা কর্মী হাতে বাঁশের লাঠি নিয়ে মিছিল বের করে কিচক চারমাথা বাজারের দিকে যাওয়ার সময় পুলিশ বাধা দেয়। এ সময় আসামিরা পুলিশের ওপর হামলা করেন। এতে পুলিশের উপ-পরিদরর্শক আরাফাত ও সহকারী উপ-পরিদর্শক রবিউল আহত হন। তাদের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আসামিদের নাম ঠিকানা সংগ্রহ করে একদিন পর শনিবার রাতে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক কুমার দাস জানান, গ্রেফতারকৃত আব্দুল ওয়ারেছ শিবগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি। তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার রাতে শিবগঞ্জ থানার এসআই জিল্লুর রহমান বাদী হয়ে আব্দুল ওয়ারেছকে প্রধান আসামি করে ২৯ জনের নাম উল্লেখসহ এবং অজ্ঞাত আরো ১৭০ জনের নামে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন।









