বর্ণাঢ্য আয়োজনে মোংলা সমুদ্র বন্দরের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। দিনটি উপলক্ষে গতকাল সকালে মোংলা বন্দর গেট থেকে একটি শোভাযাত্রা বের করা হয়েছে। বিভিন্ন সড়ক ঘুরে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয় শোভাযাত্রাটি। সেখানে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা। পরে বন্দর সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯৫০ সালের এ দিনে পশুর নদীর জয়মনির গোলে দ্য সিটি অব লিয়নস নামে ব্রিটিশ পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ নোঙরের মাধ্যমে মোংলা বন্দরের কার্যক্রম শুরু হয়েছে।