রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে কেনা মাটির ভেতরে এবার মর্টার শেল পাওয়া গেছে। কেনা মাটি দিয়ে জমি সমান করতে গিয়ে চারটি মর্টার শেল পান নগরীর পশ্চিম বুধপাড়া এলাকার বাসিন্দা মুংলা নামের এক ব্যক্তি।

জমির মালিক মুংলা জানান, ১১০০ টাকা দরে ৪০ ট্রাক মাটি কিনেছিলেন তিনি। কেনার পর এক মাস জমিতে ফেলে রাখেন মাটিগুলো। গতকাল বিকালে বড় গাড়ি দিয়ে মাটি সমান করতে গিয়ে এক-দুটি করে চারটি মর্টার শেল পেয়েছেন।

তিনি আরো জানান, ছোট এক শিশু কাদামাটি মনে করে বাড়ি নিয়ে যেতে চাইছিল। পরে পানিতে ধুয়ে দেখা যায় সেটি বোম। পরে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ এসে জায়গাটি ঘিরে রেখেছে। মর্টারশেলগুলো দেখতে ভিড় করেছিলেন স্থানীয় উত্সুক জনতা।

এর আগে গত ২৭ এপ্রিল পুকুরে মাছের খাবার দিতে গিয়ে একটি মর্টারশেল পান বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী মেহেরচণ্ডী এলাকার মাছচাষী শরীফ। পরদিন মর্টারশেলটি বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করা হয়।

এরপর ৩০ এপ্রিল একই পুকুরে দুটি মর্টারশেল, একটি রকেট লঞ্চার দেখতে পেয়ে পুলিশকে জানায় স্থানীয় বুধপাড়া এলাকার বাসিন্দা জুয়েল। একই স্থান থেকে একটি এম ফোরটিন মাইন উদ্ধার করেন পুলিশ সদস্য মাইনুল ইসলাম। পরে ১ মে সেগুলো ধ্বংস করা হয়।