নির্বাচনের দিন প্রতিটি ভোটকেন্দ্রের সামনে বা দৃশ্যমান স্থানে গণভোটসংক্রান্ত ব্যানার প্রদর্শনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে।

আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের সই করা চিঠিতে বলা হয়েছে, জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ অনুসারে সংবিধানের কতিপয় প্রস্তাবের বিষয়ে জনগণের সম্মতি যাচাইয়ে এ গণভোট অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী প্রতিটি ভোটকেন্দ্রের দৃশ্যমান স্থানে গণভোটের প্রশ্নসংবলিত একটি করে ব্যানার টাঙানো হবে।

পরিবেশ রক্ষায় বিশেষ গুরুত্ব দিয়ে ব্যানার তৈরিতে সুনির্দিষ্ট মানদণ্ড নির্ধারণ করেছে কমিশন। ব্যানার হবে ৮০ শতাংশ প্রাকৃতিক কটন ও ২০ শতাংশ ভিসকস মিশ্রিত পরিবেশবান্ধব ফেব্রিকের। রিঅ্যাক্টিভ ডিজিটাল প্রিন্টে ৩ ফুট বাই ৫ ফুট আকারের ব্যানারে ভ্যাট ও ট্যাক্সসহ সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৮৬ টাকা। ব্যানারের ওপর ও নিচে পিভিসি পাইপ এবং ঝুলানোর হুক থাকতে হবে।

চিঠিতে আরো বলা হয়, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (পিপিআর), ২০২৫ অনুসরণ করে স্থানীয়ভাবে ব্যানার মুদ্রণ করতে হবে। ক্রয় পরিকল্পনা ই-জিপি পোর্টালে প্রকাশের কথা উল্লেখ করা হলেও বিশেষ প্রেক্ষাপটে অফলাইনে ক্রয় প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ রাখা হয়েছে। পিপিআর, ২০২৫-এর বিধি ২৫ (১৪) অনুযায়ী ক্রয় পরিকল্পনা ই-জিপি পোর্টালে প্রকাশ করতে হবে।

এ ছাড়া গত ২৮ সেপ্টেম্বরের পর বিপিপিএর জারি করা আদর্শ দরপত্র দলিল ব্যবহার করে এ ক্রয় কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেয়া হয়েছে। দেশের সব সিনিয়র জেলা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের নিজ নিজ জেলার ভোটকেন্দ্রের সংখ্যা অনুযায়ী দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে।