বাংলাদেশের নেতৃত্বে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও মানবাধিকারবিষয়ক একটি প্রস্তাব জাতিসংঘ মানবাধিকার পরিষদ সর্বসম্মতিক্রমে গ্রহণ করেছে বলে জানিয়েছে জেনেভায় বাংলাদেশের স্থায়ী মিশন। মানবাধিকার পরিষদে এ ধরনের এটিই প্রথম প্রস্তাব।
স্থানীয় সময় মঙ্গলবার ‘মানবাধিকারের প্রসার ও সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব’ শীর্ষক প্রস্তাবটি জেনেভায় গৃহীত হয়। গতকাল মিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আলজেরিয়া, অস্ট্রিয়া, মিসর, গ্রিস, গায়ানা, কুয়েত ও নেপালকে নিয়ে গঠিত মূল দলের সদস্যদের সঙ্গে এ উদ্যোগে নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ।
প্রস্তাবটির লক্ষ্য কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে একটি ভারসাম্যপূর্ণ, ভবিষ্যৎমুখী ও মানবাধিকারকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির উন্নতি সাধন। এতে উন্নয়ন ও উদ্ভাবনে প্রযুক্তিটির সম্ভাবনাকে স্বীকৃতি দেয়ার পাশাপাশি মানবাধিকারের ওপর এর প্রভাব মোকাবেলার বিষয়টি তুলে ধরা হয়েছে। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর জন্য উদীয়মান প্রযুক্তির সুফল পাওয়ার সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্ব দেয়া হয়েছে।










