কক্সবাজারের টেকনাফ-সেন্ট মার্টিনের কাছাকাছি বঙ্গোপসাগর থেকে পাঁচটি মাছ ধরার ট্রলার ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। এর মধ্যে দুটি ট্রলারে ১১ জন জেলে রয়েছেন। বাকি তিনটি ট্রলারের মালিক ও জেলেদের তথ্য নিশ্চিত হওয়া যায়নি। গতকাল দুপুরে বঙ্গোপসাগরের নাফ নদীর মোহনাসংলগ্ন এলাকা থেকে এসব মাছ ধরা ট্রলার ধরে নিয়ে যায় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী।
স্থানীয় বাসিন্দা ও ট্রলার মালিক সমিতির অভিযোগ, অপহরণের সঙ্গে আরাকান আর্মির সদস্যরা জড়িত। টেকনাফ-সেন্ট মার্টিনের কাছাকাছি বাংলাদেশ জলসীমানা থেকে তারা অস্ত্রের মুখে জিম্মি করে ধরে নিয়ে গেছে।
টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন, ‘আরো তিনটি মাছ ধরা নৌকা নিখোঁজ রয়েছে। তবে সেগুলোর মালিক এবং জেলেদের তথ্য পাওয়া যায়নি। নিখোঁজ ট্রলার ও জেলেদের তথ্য অনুসন্ধান করছি আমরা। সেন্ট মার্টিনের কাছাকাছি এলাকায় বাংলাদেশ জলসীমানায় মাছ শিকারের সময় হঠাৎ করে আরাকান আর্মি এপারে প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে পাঁচটি ট্রলার নিয়ে যায়। এর মধ্যে দুটি ট্রলারে ১১ জেলে ছিলেন। সেখানে আমার ট্রলারও রয়েছে।’
ট্রলার ধরে নিয়ে যাওয়ার বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে বলে জানিয়েছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, ‘পাঁচটি ট্রলারসহ জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। এর মধ্যে দুটি ট্রলারে ১১ জন জেলের তথ্য নিশ্চিত হওয়া গেছে। বাকি তিন ট্রলারের তথ্য জানার চেষ্টা চলছে।’









