দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ লাখ ১৮ হাজার ১১৭ টাকা নির্ধারণ করা হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে করে এ সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে বৈঠকের সিদ্ধান্ত জানানো হয়। সোমবার (২২ ডিসেম্বর) নতুন দাম কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৮ হাজার ১১৭ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ ২ লাখ ৮ হাজার ২০২ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণ ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৮ হাজার ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রৌপ্যের দাম। ২২ ক্যারেটের এক ভরি রৌপ্যের দাম ৪ হাজার ৫৭২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি রৌপ্যের দাম ৪ হাজার ৩৬২ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রৌপ্যের দাম ৩ হাজার ৭৩২ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রৌপ্যের দাম ২ হাজার ৭৯৯ টাকা।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।










