চুয়াডাঙ্গায় ভারতফেরত একজনসহ দুদিনে তিনজন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। তারা চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন এএসএম মারুফ হাসান জানান, আলমডাঙ্গার কলেজপাড়ার মিজানুর রহমানের ছেলে সাকিব পায়ে ক্যান্সার আক্রান্তের চিকিৎসা নিতে ভারতে যায়। সেখানে তার পা কেটে ফেলা হয়। সে বেনাপোল দিয়ে দেশে ঢুকে গত ১১ মে চুয়াডাঙ্গায় আসে। এরপর সদর হাসপাতালে আইসোলেশনে থাকা অবস্থায় তার নমুনা সংগ্রহের পর তা পরীক্ষা করে করোনা পজিটিভ হয়। বৃহস্পতিবার রাত ১২টার দিকে সে মারা যায়।
এছাড়া দামুড়হুদার মদনা গ্রামের মরহুম ফতুল্লার ছেলে আবুল হোসেন (৭৫) গত ১৫ মে করোনা উপসর্গ নিয়ে সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন। বৃহস্পতিবার রাত ৩টার দিকে তিনি মারা যান।
এর আগে ওইদিন সদর উপজেলার সরিষাডাঙ্গা গ্রামের আছিয়া বেগম (৬০) মারা যান।









